September 20, 2026, 4:12 pm

কালোকে কালো আর সাদাকে সাদা বলতেই হবে”—চণ্ডীপাশায় আপসহীন বার্তা শাকিল মাহমুদের

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ যুবদল নেতা শাকিল মাহমুদ। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নান্দাইল উপজেলা যুবদলের এই উদীয়মান নেতা চণ্ডীপাশা ইউনিয়নকে একটি দুর্নীতি, মাদক ও অপরাধমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় চণ্ডীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্য-বারুইগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত এক স্থানীয় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।

৬নং ওয়ার্ডের প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল জলিলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা তাইবুর রহমান তাপসের চমৎকার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাকিল মাহমুদ বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিগত অর্জনের মাধ্যম নয়, বরং এটি জনকল্যাণের পবিত্র ব্রত। আমি কোনো ব্যক্তিগত স্বার্থের টানে নয়, বরং অবহেলিত মানুষের প্রকৃত সেবক হিসেবে তাদের পাশে দাঁড়াতে চাই”।

তিনি আরও বলেন, জনগণের রায় নিয়ে নির্বাচিত হলে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির সার্বিক সহযোগিতায় এলাকার গ্রাম আদালতকে আরও কার্যকর করা হবে। এর মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ ও সালিশি ঝামেলা দ্রুত নিষ্পত্তি এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করা হবে। সত্য ও ন্যায়ের পক্ষে নিজের আপসহীন অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “কালোকে কালো আর সাদাকে সাদা বলতে আমার কোনো ভয় নেই।” এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে চণ্ডীপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের মধ্যে মোস্তাকিম বিল্লাহ, আকবর আলী, নুরুল ইসলাম, তারা মিয়া, আমিরুল ইসলাম, সিরাজ উদ্দিন, গিয়াস উদ্দিন ও কামরুল ইসলাম।

সভার শেষ পর্যায়ে মাওলানা মোস্তাকিম বিল্লাহর পরিচালনায় দেশ, জাতি এবং এলাকার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আপেল মাহমুদ পাভেল, শ্রমিক নেতা নয়ন মির্জা, সানি আহমেদ রুবেল, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক শাহজাহান ফকিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ৬নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা