September 19, 2026, 3:57 pm

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি :

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের রেলওয়ে মুক্তমঞ্চে জেলা দলিল লেখক সমিতি, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। দলিল লেখকদের দীর্ঘদিনের পেশাগত অধিকার ও দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নের দাবিও তিনি তুলে ধরেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সিরাজুল হক। তিনি বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করার সুযোগ দেওয়া হলে পেশাটির সঙ্গে জড়িতদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এবং দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল ইসলাম লিখন। তিনি দলিল লেখকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মোঃ হামিদুর রহমান ও মোঃ গোলাম মোস্তফা দলিল লেখকদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। তারা দলিল লেখকদের জন্য কর্মপরিবেশ উন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং ন্যায্য সম্মানী নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদার সুযোগ না দেওয়া এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা।

এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে পেশাগত কাজে দলিল লেখক বা মুসাবিদাকারীকে আসামি না করা, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অননুমোদিত ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও রয়েছে।

সমাবেশে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা