September 19, 2026, 3:35 pm

মিরপুরে চলন্ত বাসে আগুন, আরেকটিতে অগ্নিসংযোগের চেষ্টা

রাজধানীর মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। একই দিন মিরপুর-১ নম্বর এলাকায় আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে চলন্ত শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাছির জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিলেও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে, মিরপুর-১ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে রাজধানীর তিনটি স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

একের পর এক নাশকতার ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় দুই শতাধিক চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা