September 19, 2026, 11:10 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার।

নিখোঁজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা মরদেহটি সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার নিজ বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ছেলেকে খুঁজে না পেয়ে তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। পোস্টে তিনি জানান, অপ্রতীম সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের পাঞ্জাবি ছিল।

তিনি আরও জানান, অপ্রতীম তার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। পরে ফোন নম্বর ট্র্যাক করার চেষ্টা করেও তার অবস্থান শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছিল, ফোনটি তার কাছে ছিল না।

এ ঘটনায় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা