September 18, 2026, 12:34 pm

নিহত জাফর আলম বাবুলের পুরোনো ছবি

নাইক্ষ্যংছড়িতে গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম বাবুল (৪৯) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাধঅং পাড়া এলাকার একটি বৌদ্ধ বিহারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাফর আলম বাবুল লম্বাবিল এলাকার ওসমান গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হন জাফর আলম বাবুল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ছাধঅং পাড়া বৌদ্ধ বিহারের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ঘটনার সময় বৌদ্ধ বিহারের ভেতরে এক ব্যক্তি অবস্থান করছিলেন। পরে তাকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে ওই ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর টহল রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও তদন্তমূলক কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা