নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোনার খালিয়াজুরীতে রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। তিনি খালিয়াজুরী উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় রানীচাপুর এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এর পরদিন বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিনভর থেমে থেমে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শাহ আলমগীরের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন। অপর পক্ষের সঙ্গে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন জানান, দুই পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। সংঘর্ষে নিহতের ঘটনায় তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে রানীচাপুর এলাকায় পরিস্থিতি থমথমে থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।