কুমিল্লায় কিশোর ইশয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারও আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারব।’
রাজধানীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচার করবে আদালত, আর সরকার আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করবে। চার্জশিট দাখিলসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করার পর আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশা করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সময়ে সম্পন্ন হয়েছে, অপ্রতীম হত্যাকাণ্ডের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা করছেন।
এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতীম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ছেলের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেদন জানান তার মা ড. নাহিদা বেগম।
অপ্রতীম ছিল পরিবারের একমাত্র সন্তান। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত অপ্রতীম।
নিখোঁজের পরদিন শনিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়।