September 17, 2026, 9:59 am

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ভিডিও থেকে নেওয়া

১১ দলের লংমার্চ শান্তিপূর্ণ রাখার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাঙচুর বা অস্থিতিশীলতা না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট ও নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরের মতো কোনো চিন্তা বা কর্মসূচি আমাদের ১১ দলের মধ্যে নেই। আমাদের পুরো কর্মসূচিই হবে শান্তিপূর্ণ।’

সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করে জামায়াতের এই নেতা বলেন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক, ইন্টেলিজেন্সসহ লংমার্চের পথে থাকা প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে। তারা যেন নিয়মতান্ত্রিক এই কর্মসূচিতে সহযোগিতা করেন, সেই আহ্বানও জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ১১ দলের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করে কিংবা তা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে দেশকে অস্থিতিশীল করার মতো এমন কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত।

তিনি বলেন, ‘আমরা যেহেতু কোনো বিশৃঙ্খলা চাই না, হতে দেব না, তাহলে অহেতুক কেন পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করে শান্ত দেশকে অশান্ত করে তুলবেন?’

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতাও কামনা করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা