কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছেন ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফরিদা ইয়াসমিন বলেন, ‘উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।’
জনপ্রতিনিধিদের আচরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিরোধী ও সরকারি দলের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন নারীকে। জেনেশুনে উনি কেন এ ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান? আমাদের পরস্পরকে সম্মান করতে হবে।’
ঘটনার বিচারভার নিজের দলের ওপর ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচার চান তিনি। দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে বলেও জানান তিনি।
প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল
এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রতিবাদে ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারা শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়। বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম, আবুল কালাম আজাদসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
যে বক্তব্য নিয়ে বিতর্ক
এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সেখানে তিনি বলেন, ‘আমরা কথা বললেই সবসময় আমাদের বক্তব্য উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়।’
সার ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে কুষ্টিয়া প্রশাসনের একটি সভায় সরকারি দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে সভা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আমির হামজা আরও বলেন, সংসদ সদস্যরা সংশ্লিষ্ট কমিটির উপদেষ্টা। তাদের বাদ দিয়ে কমিটির বাইরের ব্যক্তিদের নিয়ে প্রশাসনের সভা করা দুঃখজনক। সরকারি দলের বাইরে অন্য কাউকে সার ডিলারশিপ দেওয়া যাবে না বলে যে কথা বলা হচ্ছে, সেটিও মানা যায় না বলে মন্তব্য করেন তিনি।