September 10, 2026, 7:07 pm

রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখছেন রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট :

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিএনপিতে থাকার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি যেসব বক্তব্য দিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের সঙ্গে সেগুলোর সাংঘর্ষিক অবস্থান রয়েছে।

রাশেদ খাঁনের ভাষ্য, রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্টের মিল রয়েছে। এ প্রসঙ্গে তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের ‘একমাত্র যোগ্য প্রতিনিধি’ হিসেবে রুমিন ফারহানাকে দেখা যেতে পারে।

এ ছাড়া রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য নিয়ে জামায়াতের আমিরের উৎসাহ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন সংসদ সদস্য হট্টগোল করেছিলেন। ফলে যে রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে এখন কথা বলা হচ্ছে, সেটি নিজেদের কর্মকাণ্ডের সঙ্গেও সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ের সরকার ছিল বিএনপি-জামায়াত জোটের সরকার। সে সময় কৃষিমন্ত্রী ছিলেন জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী।

রাশেদ খাঁন তার পোস্টে আরও মন্তব্য করেন, জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আবদুল্লাহ এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা যেন আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন।

পোস্টের শেষদিকে রুমিন ফারহানার অতীতের একটি বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন বলে উল্লেখ করে সেই বক্তব্যের সঙ্গে বর্তমান অবস্থানের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা