September 9, 2026, 7:38 am

জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় কারাবন্দি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিদিশাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার প্রতারণার মামলায় বিদিশার জামিন আবেদনের শুনানি শেষে তাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।

আইনজীবী মাসুদ মিয়া বলেন, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বিচারাধীন নেই। তাই হাইকোর্টের জামিন আদেশ পাওয়ার পর তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না।

যেভাবে কারাগারে যেতে হয়েছিল
ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২৬ আগস্ট বিদিশাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০০৮ সালে মামলা
বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, বাদী ঢাকার মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা