September 7, 2026, 5:08 pm

উপজেলাভিত্তিক হবে ইউপি নির্বাচন, একদিনেই ভোট সব ইউনিয়নে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা অনুযায়ী, একটি উপজেলার অধীন সব ইউনিয়ন পরিষদে একই সময়ে ভোটগ্রহণ করা হবে। তবে নির্বাচন কত ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েকটি ধাপে আয়োজন করা হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। তবে নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই সঙ্গে ভোটগ্রহণ করা হবে।

ইসি সচিব বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে ভোট নিয়ে অন্য ইউনিয়নগুলোকে ভিন্ন ধাপে রাখলে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে ইউপি নির্বাচন কয় ধাপে হবে এবং তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে বলে জানান তিনি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। ইউপি নির্বাচনের পর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা