ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য জমি বরাদ্দে বিলম্বের অভিযোগ তুলেছেন। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়িতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএসএফের জন্য জমি বরাদ্দ দিতে আগের রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ করা হলেও তা করা হয়নি।
অমিত শাহ জানান, তিনি নিজেও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে গিয়ে জমিটি বিএসএফের জন্য বরাদ্দের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে মমতা সরকার ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত জমি বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
নতুন সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে বিএসএফ ও এসএসবিকে ১ হাজার ১২৯ একর জমি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারীর প্রশংসা করেন অমিত শাহ। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
শাহ সীমান্ত নিরাপত্তার জন্য শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই করিডরটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। চোপড়া, কিশানগঞ্জ ও ধুবরিতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথাও উল্লেখ করেন অমিত শাহ।