November 1, 2026, 4:54 pm

ত্রিশালে জাতীয় যুব দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ত্রিশালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। এতে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহিদুল ইসলাম, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মির্ধা, আব্দুল আওয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল ও আব্দুল মতিন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবনেতা মাজহারুল ইসলাম জুয়েল মণ্ডল, সাবেক ছাত্রদল আহ্বায়ক ও যুবনেতা ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাত, পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, যুবসমাজের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা