রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর শহরে বিএনপির এক নেতার বিরুদ্ধে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত চিঠিতে তাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা দেওয়ার কথা বলে সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে শোকজের বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু। তিনি বলেন, ‘সরকারি ভাতা দেওয়ার নামে দলীয় পরিচয় ব্যবহার করে কারও কাছ থেকে টাকা নেওয়া অপরাধ।’
মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীন জানান, বিএনপি নেতা রঞ্জু প্রথমে তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন। পরে আলোচনার পর ৩০ হাজার টাকায় নাম তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেন। অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম রঞ্জুর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।