August 21, 2026, 11:14 am

ডাকসুর ১১ মাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সাদিক কায়েমের

ডাকসুর ১১ মাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করেছে বলে দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম জানান, ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাহাজানির মতো কর্মকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, ১১ মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে তারা বিভিন্ন সার্ভে পরিচালনা করেছেন, যেখানে শতকরা ৯৩ শতাংশ শিক্ষার্থী তাদের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। সাদিক কায়েম আরও জানান, ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সাদিক কায়েম বলেন, দেশের তরুণ প্রজন্মকে যথাযথ স্বীকৃতি ও সুযোগ না দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গত ৫৫ বছরে নেতৃত্বের ব্যর্থতার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে নিজেদের যোগ্যতা প্রমাণ করলেও দেশে তাদের মেধার যথাযথ বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। আয়োজকরা জানান, অনুষ্ঠানের প্রথম পর্বে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ জন এবং ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ১৬৪ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা