সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে ৮০ দশকের ‘অবুঝ হৃদয়’ সিনেমার একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো গানটি হলো ‘তুমি আমার জীবন’। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি বর্তমানে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
গানের ‘কেউ জানে না’ কথাগুলো অনেকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। রুবেল মাহমুদ নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে, কেউ জানে না।’
ফারুক সাকিব নামে একজন মন্তব্য করেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না, কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।’
গানটি ইউটিউবে ১৮ মিলিয়ন বার দেখা হয়েছে। ‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার এবং গানের কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।