August 20, 2026, 12:31 pm

কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ

কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ

বিয়ের কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী ও বিদ্যমান বিয়ে ও সন্তানের তথ্য অন্তর্ভুক্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান।

আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর অধীন ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ঘ’ ফরমের বর্তমান কাবিননামাটি অসম্পূর্ণ ও অসমতাপূর্ণ।

নোটিশে দাবি করা হয়েছে, বর ও কনের পূর্ববর্তী সব বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয়, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়ার তারিখ, চলমান বৈবাহিক মামলা এবং বিদ্যমান সন্তানের তথ্য যথাযথভাবে উল্লেখ ও যাচাই করার ব্যবস্থা থাকা উচিত।

আইনজীবী ইশরাত হাসান নোটিশে বলেন, অসম্পূর্ণ কাবিননামার ব্যবহার পারিবারিক জীবনে ক্ষতি সৃষ্টি করছে। তিনি কাবিননামায় বিদ্যমান বিয়ে থাকা অবস্থায় নতুন বিয়ের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারা অনুযায়ী সালিশ পরিষদের লিখিত অনুমতির নম্বর ও তারিখ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এছাড়া, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিবাহ ও তালাকের নথি, মৃত্যুসনদসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা