ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে অন্যের নামে ফিঙারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক হয়েছেন।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন ব্রিজ এলাকার হোসেন আলীর মেয়ে রুহি আক্তার এবং বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার মো. শহীদের মেয়ে জাফরিন আক্তার। পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, শিল্পী আক্তারের নামে পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় রুহি আক্তারকে শনাক্ত করা হয়।
জানা যায়, রুহি আক্তারের নিজস্ব কোনো জাতীয় পরিচয়পত্র নেই এবং তিনি পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে অন্যের পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন। গত প্রায় নয় মাস ধরে তিনি বরিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঘটনার পর ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ জানিয়েছেন, অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।