November 1, 2026, 6:11 pm

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও দুই-তিন মাস লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও দুই-তিন মাস লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। তিনি বলেন, আগামী সপ্তাহেই হাম বন্ধ হয়ে যাবে-এমন মিথ্যা আশ্বাস কাউকে দেবেন না।

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শিশুদের হাম নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ ও গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং একবার প্রাদুর্ভাব শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন।

তিনি বলেন, শিশুদের হাম থেকে রক্ষা করতে হাসপাতালের শয্যা, আইসিইউ বা ভেন্টিলেটর বাড়ানো যথেষ্ট নয়; বরং প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কার্যকর প্রতিরোধের ক্ষেত্রে টিকার বিকল্প এখনো চিকিৎসাবিজ্ঞানের জানা নেই।

ডা. মুহিত জানান, ইমিউনাইজেশন ব্যবস্থায় গ্যাপ তৈরি হওয়ায় এই প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে। টিকার কভারেজ বাড়াতে হবে এবং হার্ড ইমিউনিটি অর্জন করতে হবে। তিনি স্বাস্থ্যকর্মীদের ত্যাগ ও কর্মস্পৃহাকে মূল্যায়নের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী দেশের স্বাস্থ্য পরিস্থিতিকে বৃহত্তর বৈশ্বিক মহামারি প্রস্তুতির অংশ হিসেবে দেখার আহ্বান জানান। তিনি বলেন, কোভিড-১৯-এর মতো মহামারি মোকাবিলায় প্রস্তুতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সকল দেশকে স্বাস্থ্যব্যবস্থায় নতুন করে বিনিয়োগ করতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা