August 18, 2026, 9:12 am

দিল্লিতে তালেবানের বিজয় দিবস উদযাপন, ভারতীয় প্রতিনিধিরা উপস্থিত

দিল্লিতে তালেবানের বিজয় দিবস উদযাপন, ভারতীয় প্রতিনিধিরা উপস্থিত

দিল্লির আফগান দূতাবাসে তালেবান কূটনীতিকরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তিতে ‘বিজয় দিবস’ উদযাপন করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতীয় সরকারি কর্মকর্তা এবং অন্তত দুই ডজন বিদেশি কূটনীতিক অংশ নেন।

গত বছরের নভেম্বরে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার পর তালেবান দিল্লির এই দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়। যদিও ভারত সরকার তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবুও চার্জ দ্য অ্যাফেয়ার্সের অধীনে তালেবান কূটনীতিকদের দিল্লিতে পাঠানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মুফতি নূর আহমদ নূর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পাকিস্তান, আফগানিস্তান ও ইরান) আনন্দ প্রকাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

অনুষ্ঠানে ফিলিস্তিন, ইরান, রাশিয়া, চীন, ইরিত্রিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, নাইজার, কাতার, ওমান এবং সার্বিয়ার কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তবে পাকিস্তানের কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেননি।

মঞ্চে ভারতের পতাকার পাশাপাশি তালেবান পতাকা রাখা হয়েছিল। নূর শরিয়াহ আইন প্রয়োগ, দেশের নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি আফগানিস্তানকে নেতিবাচক প্রতিযোগিতার ক্ষেত্র না বানিয়ে সংযোগ ও সহযোগিতার সেতু হিসেবে দেখতে চাওয়ার কথা জানান।

ভারত ও আফগানিস্তানের ঐতিহাসিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে নূর জানান, সম্প্রতি দুই দেশের উচ্চপর্যায়ের সফর ও কূটনৈতিক যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা