August 18, 2026, 7:22 am

ইমরান খানের চোখের অবস্থার উন্নতি, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

ইমরান খানের চোখের অবস্থার উন্নতি, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার দৃষ্টিশক্তি ‘প্রায় স্বাভাবিক’ হয়ে এসেছে। সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্টকে এ তথ্য জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।

ইমরান খানের উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনের শুনানির এক দিন আগে এ প্রতিবেদন দেওয়া হলো। ৭৩ বছর বয়সী ইমরান খান বর্তমানে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামের চোখের সমস্যায় ভুগছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত জানুয়ারিতে সমস্যাটি শনাক্ত হওয়ার পর থেকেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসলামাবাদের পিমস হাসপাতাল এবং রাওয়ালপিন্ডির আলশিফা ট্রাস্ট আই হাসপাতালের বিশেষজ্ঞরা ইমরানের চিকিৎসা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে ইমরানের চোখের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং বর্তমানে তার দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। কারা কর্তৃপক্ষ দাবি করেছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

এছাড়া, প্রতি মঙ্গলবার ইমরান খান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং এখন পর্যন্ত তাদের ৮৪ বার সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এসব তথ্য তুলে ধরে ইমরান খানের উন্নত চিকিৎসার আবেদনটি খারিজ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেছে কারা প্রশাসন।

তবে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা সোহাইল আফ্রিদি। তার দাবি, চিকিৎসকদের একটি প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের কথা উল্লেখ রয়েছে, যদিও আগে তার রক্তচাপ স্বাভাবিক ছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা