বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে কমে যাওয়া এলএনজি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে সামিট এলএনজি টার্মিনাল পূর্ণাঙ্গভাবে এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে।
বর্তমানে দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এই পরিমাণ গ্যাস দৈনিক গড়ে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট ছিল।
জানা গেছে, সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ কমে যাওয়ার পর নতুন এলএনজি বহনকারী জাহাজ পৌঁছেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আজ ভোর ৪টা থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে। বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। আগামী ১৯ আগস্টের মধ্যে মেরামতকাজ শেষ হলে এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী ১৯ আগস্টের মধ্যে দুই টার্মিনালের মেরামত ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ আবার দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে।