প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ বেডের নতুন ভবন উদ্বোধনকালে বলেছেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। তিনি জানান, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে।
নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে দেশে নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বর্তমানে হাসপাতালটি আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করে বড় পরিসরে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, নতুন ৫০০ শয্যার ভবনে আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার এবং উন্নত ডায়াগনস্টিক সুবিধা থাকবে। তিনি জানান, সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে বিশ্বমানের নিউরোচিকিৎসা পান, সেই লক্ষ্যেই ‘নিউরোসায়েন্স-২’ নির্মাণ করা হয়েছে।
তিনি চিকিৎসাসেবায় মানবিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং সম্মানজনক আচরণ চিকিৎসার মান বাড়াতে গুরুত্বপূর্ণ। চিকিৎসক, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে আস্থা ও সম্মান থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় কমাতে ই-হেলথ কার্ডের মাধ্যমে আধুনিক রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। তিনি হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধনকালে গাছের চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন।