ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, রাজধানী ঢাকায় যানজট কমাতে এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক ব্যাটারিচালিত রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলাচল করবে। এর ফলে এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যানজট সৃষ্টি করতে পারবে না। প্রয়োজনে দিন ও সড়কভিত্তিক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
আব্দুস সালাম আরও জানান, রিকশা ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ঢাকায় প্রবেশ করা ব্যাটারিচালিত রিকশাগুলোর জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আনা হবে।
তিনি বলেন, লাইসেন্স ছাড়া কেউ ঢাকা শহরে রিকশা চালাতে পারবে না এবং বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা রিকশাগুলোকে নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়নের প্রক্রিয়া চলছে।
এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এ নীতিমালা কার্যকর হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।