শাড়ি নিয়ে ফেসবুকে প্রমোশনের পোস্ট না করার অভিযোগে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি জামিনের আবেদন করেন।
বিচারক জানান, আসামি একজন নারী হওয়ায় এবং শাড়ির মূল্য কম হওয়ায় তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের বলেন, ‘আমার ১৫ বছরের ক্যারিয়ার। শাড়ির জন্য আদালতে আসবো কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘আদালতকে সম্মান করি বলেই আমি এখানে এসেছি। আশা করব আমি সামনেও ন্যায়বিচার পাবো।’ তানজিন তিশা অভিযোগ করেন যে, তার বিরুদ্ধে মামলা দায়েরকারী নারী এবং তার স্বামী তাকে হ্যারাজ করেছেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, তানজিন তিশা অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।
গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির প্রতিবেদন আদালত আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।