হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের (২৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত জুলাই মাসে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি হাটহাজারী থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় ইমনকে। আদালত প্রাঙ্গণে সকাল থেকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
ডেভিড ইমনকে ২৯ জুলাই যশোরের কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ইমনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।