August 12, 2026, 8:21 am

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায় এবং আশপাশে থাকা লোকজনের শরীরে কাদামাটি ছিটকে পড়ে। এতে আদালত প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টি হয়।

আদালতের প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান।

ঘটনার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সিআইডির ক্রাইম সিন ইউনিটও সেখানে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।’ বিস্ফোরিত বস্তুটি কী ধরনের এবং কে বা কারা এটি সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা