অপহরণের এক মাস পর পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরেছে দুই শিশু। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
উদ্ধার হওয়া দুই শিশু উখিয়ার থাইংখালী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা স্থানীয় শাহ আলমের দুই ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)।
পুলিশ জানায়, গত ১০ জুলাই সকালে উখিয়ার থাইংখালী দাখিল মাদ্রাসার সামনে থেকে শিশু দুটিকে অপহরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়।
মামলাটির তদন্তের দায়িত্ব পান উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজাদ। অপহরণকারীরা পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে অপহরণকারীরা বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই আব্দুল আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কলাতলী এলাকায় অভিযান চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।