August 11, 2026, 12:22 pm

মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্যরা পালিয়ে যান বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন সরকারি বাঙলা কলেজের ছাত্রলীগের কর্মী।

পুলিশ জানায়, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০-৪০ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন।

স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়। আটকের সময় মিছিলকারীদের কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন, ককটেল বিস্ফোরণের আলামত জব্দসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা