August 11, 2026, 10:59 am

বকশীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে উত্তেজনা: আমাকেই মামলা দাও, জেলে যেতে চাই’ ফেসবুক পোস্টে বিএনপি নেতা

মোহাম্মদ আসাদ :

বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম (Sirajul Islam) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মমতাজুর রহমান (মমতাজ)-এর বিরুদ্ধে।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিনোদের চর নিবাসী মোঃ কেরামত মাস্টারের চতুর্থ ছেলে মমতাজুর রহমান (মমতাজ) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাচ্ছেন। সিরাজুল ইসলাম জানান, তার নিজের ছোট ভাই নজরুল ইসলাম (লিচু) অতীতে তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং গত মেয়াদে চেয়ারম্যান পদে প্রার্থীও হয়েছিলেন, তবে সরকারি সিদ্ধান্তে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। এবারও জনগণের অনুরোধে তার ভাই পুনরায় প্রার্থী হতে আগ্রহী বলে জানান তিনি।
সিরাজুল ইসলামের অভিযোগ, বিশেষ সূত্রে তিনি জানতে পেরেছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মমতাজুর রহমান স্থানীয় কিছু মানুষের সঙ্গে আলোচনায় নাকি মন্তব্য করেছেন—নির্বাচনের আগে নজরুল ইসলাম ও তার দুই ছেলেকে নাশকতার মামলায় জড়িয়ে জেল-হাজতে পাঠানো হবে। এ ছাড়া তার এক আত্মীয়ের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
এই কথিত পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সিরাজুল ইসলাম তার পোস্টে লেখেন, তার ভাই বা ভাতিজাদের পরিবর্তে তার নিজের নামে মামলা দেওয়া হোক, তিনি নিজেই জেলে যেতে প্রস্তুত। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, তার ভাই বা ভাতিজাদের বিরুদ্ধে কোনো মামলা হলে এর দায়ভার মমতাজুর রহমানকেই বহন করতে হবে।
পোস্টের শেষে তিনি ইউনিয়নবাসীকে বিষয়টি অবহিত রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সবার কাছে বিচার প্রার্থনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা