August 9, 2026, 8:08 pm

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাতসহ বিভিন্ন স্থাপনার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্টরা।

এ সময় মিজান তাদের ওপর চড়াও হন এবং সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে আগারগাঁওয়ে কম মূল্যে গরুর মাংস ও ভাত বিক্রি করে এবং নানা অভিনব অফার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছিলেন এই মিজান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা