মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিহাব হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে স্থানীয়রা শহীদ মিনারে শিহাবের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিহাব হোসেন জাগীর ইউনিয়নের মো. সেলিম হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের দোকানে কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব গত দুই দিন ধরে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিল। শনিবার রাতে খাবার খাওয়ার পর তিনি আবারও বাড়ি থেকে বের হয়ে যান।
শিহাবের পরিবার ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের অভিযোগ, শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।