মোহাম্মদ আসাদ :
জামালপুরের বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুইদিনব্যাপী বৃক্ষরোপণ ও সোলার লাইট স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ও শনিবার মির্ধাপাড়া মোড় থেকে টানাব্রিজ পর্যন্ত এই কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও সোলার লাইট স্থাপন করা হয়।
পরিবেশ সুরক্ষা ও রাতের বেলায় এলাকাবাসীর চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে এলাকায় প্রায় ৬ শতাধিক বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয় এবং মির্ধাপাড়া মোড়, নূরগঞ্জ বাজার, সরকার বাড়ি মোড়, ফকিরবাড়ি মোড়, মিষ্টারের দোকান, ঠাকুরপাড়া মোড়, নিলক্ষিয়া চৌরাস্তার মোড়, পঁচার দোকান এবং টানাব্রিজে মোট ৯টি সোলার লাইট স্থাপন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ উদ্দিন শরীফ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, রাজু আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্ত প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম বিকট এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুজ্জামান লিমন।
সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, পরিবেশ রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সোলার লাইট স্থাপনের মাধ্যমে রাতে এলাকাবাসীর চলাচলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ও সম্ভব হবে। তিনি এলাকার সর্বস্তরের মানুষকে পরিবেশবান্ধব এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান এবং সংগঠনের এই মানবিক ও সামাজিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।