দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের অভিন্ন প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী হয়ে তিনি বলেন, ‘জাতির সঙ্গে বেইমানি করব না।’
রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোট শরিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপি সরকারের নির্বাচন-পরবর্তী অবস্থান, গণভোটের রায়, জুলাই সনদ ও এর বাস্তবায়নসহ দেশের রাজনৈতিক ও সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কর্নেল অলি আহমদ বলেন, ‘আমি ১১ দলের সকলের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং পরীক্ষিত একজন লোক-যার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ নাই।’ তিনি আরও বলেন, ‘আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করবো না। আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো।’
নাহিদ ইসলাম বৈঠকের আলোচনার বিষয়ে বলেন, জুলাই সনদ নিয়ে দীর্ঘদিন ধরে কমিশনে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সংশোধন এবং ক্ষমতার ভারসাম্যের জায়গা থেকে রাষ্ট্রপতির ক্ষমতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছিলো। তিনি জানান, বিএনপি সরকারের নির্বাচন-পরবর্তী অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।