August 9, 2026, 6:49 am

নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন মিয়াকে আটক করা হয়। পরে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই রিপন আত্মগোপনে ছিলেন।

এজাহার অনুযায়ী, গত ১ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী মেয়েটি বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে রিপন মিয়া তাকে জোরপূর্বক তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় একটি বাজারে রাজনৈতিক দলের কার্যালয়ে সালিস বৈঠক বসে। অভিযোগ উঠেছে, ওই সালিসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধের চূড়ান্ত বিষয় নির্ধারিত হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা