পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ভারত এমন আচরণ করছে যেন অন্য দেশের পলাতক ও দাগি আসামি যদি ‘ভারতপ্রেমিক’ হয়, তাহলে তার অপরাধ ক্ষমাযোগ্য। তিনি ভারতের এ ধরনের অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির এই নেতা বলেন, ভারতের দিল্লিতে ‘সাউথ এশিয়ান জার্নালিস্টস’-এর অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা ভারত সরকারের সহানুভূতিশীল আচরণের উদাহরণ।
রিজভী আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বলেন, দেশে একটি ‘নির্মম ও নিষ্ঠুর ফ্যাসিবাদের’ উত্থান হয়েছে। তিনি শেখ হাসিনাকে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে রিজভী বলেন, এটি অত্যাচারীর বিরুদ্ধে জনগণের শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ ছিল। তিনি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রামের কথা উল্লেখ করেন এবং প্রয়োজন হলে আবারও সেই সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।