চট্টগ্রাম শিক্ষা বোর্ড চলতি বছরের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ২০ আগস্ট থেকে শুরু হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করেন। বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
পরবর্তী সময়ে ২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস এবং অন্যান্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে উপস্থিত থাকতে হবে। ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় জানার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।