August 3, 2026, 10:53 am

চট্টগ্রামে রায়হান চক্রের দুই সহযোগী গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে রায়হান চক্রের দুই সহযোগী গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে জেলা পুলিশের অভিযানে রায়হান চক্রের দুই সহযোগী গ্রেপ্তার হয়েছে। তাদের গ্রেপ্তারের পর রাউজানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় বিশেষ চেকপোস্টে মো. দিদার আলম (৩০) ও মো. আফসার মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং রায়হানের ঘনিষ্ঠ সহযোগী।

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। দিদার আলমের বিরুদ্ধে ১০টি মামলা এবং আফসার মিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাউজান উপজেলার পূর্ব রাউজান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, সন্ত্রাস ও অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা