চট্টগ্রামের হাটহাজারী মডেল থানাধীন মেখল ইউনিয়নের পশ্চিম মেখল এলাকায় নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মোঃ দিদারুল আলম (৪৭) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (০৩ আগস্ট) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এ তথ্য জানান।
গত ১০ জুলাই ২০২৬ সকালে পূর্ব বিরোধের জেরে মুহাম্মদ নুরুল আজিম (৪৮)-কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ দুই আসামি মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল এবং মোঃ আলী আকবরকে গ্রেপ্তার করলেও দিদার বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।
গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গত রোববার (০২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন গাদাবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে নুরুল আজিমের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে তিনি আকিলকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ড ঘটান। তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ ও রামদা উদ্ধার করা হয়।
দিদারের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ৬টি সাজা ও গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।