নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন যুবদলের এক নেতার বাম হাতের কব্জি ধারালো হাসুয়া দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।
এ হামলায় আহত যুবদল নেতা হাসান রমন (৪২) ও তার মা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, হাসান রমন মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। অভিযুক্তরা হলেন মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম।
স্থানীয় সূত্র জানায়, জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে মিজানুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মিজানুর রহমান ধারালো হাসুয়া দিয়ে হাসান রমনের বাম হাতে কোপ দেন। এতে তার বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
হাসান রমনকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মামলার বাদী দুদু মিয়া বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তবে মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তার জমির আইল হাসান কেটে ফেলেছিল।
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।