August 3, 2026, 11:38 am

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা সরকারের

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা সরকারের

দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি প্রতিযোগিতা সফল করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানান।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে এ প্রতিযোগিতার ব্যয় নির্বাহ করা যায়।

প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করতে হবে। তিনি আরও জানান, দল গঠন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা