বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে যে, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর রাতে সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.কে.এম আলমগীর জাহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা যথাযথ তথ্য ও প্রমাণসহ পুলিশ হেডকোয়ার্টার্সে জমা দিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আইন নিজের হাতে তুলে নিয়ে মিথ্যা বা অপপ্রচার চালানো সমাজে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এতে প্রকৃত সংবাদ প্রচার ব্যাহত হয় এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিতে বাধাগ্রস্ত হয়।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নাগরিকদের গঠনমূলক সমালোচনা স্বাগত জানালেও, তথ্য ছাড়া মনগড়া ভিডিও বা পোস্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সংগঠনটি পুলিশ সদস্যদের পেশাগত মর্যাদা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সহায়তার জন্য জনগণের প্রতি অনুরোধ করেছে।