মার্ভেলের জনপ্রিয় সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম এ নেডের নানির চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা ৮২ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে মার্ভেল ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানায়, মেরি রিভেরা গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে মারা যান। পরিবারের এক সদস্য জানান, স্ট্রোক করার পর তার মৃত্যু ঘটে।
মেরি রিভেরা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম সিনেমায় অল্প সময়ের জন্য উপস্থিত হলেও তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। সিনেমায় নেড ও এমজের সঙ্গে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যানের কথোপকথনের সময় তিনি ঘরে প্রবেশ করেন এবং স্পাইডার-ম্যানকে ছাদের কোণে থাকা মাকড়সার জাল পরিষ্কার করতে বলেন।
মেরি রিভেরার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্পাইডার-ম্যান ভক্তরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
মেরি এগিদা রিভেরার জন্ম ১৯৪৩ সালের ২ জুন, ফিলিপাইনের ইলোইলোতে। তিনি অভিনয়ের পাশাপাশি একজন অবসরপ্রাপ্ত মিশনারি ছিলেন। মৃত্যুর পর তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতনি রেখে গেছেন।