August 5, 2026, 1:50 pm

তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে আইন অনুসরণ করে আবেদন করতে পারবেন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে আইন অনুসরণ করে আবেদন করতে পারবেন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তসলিমা নাসরিন অতীতে যাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন, সে বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি যদি দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চান, তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ বা সংকটে নেই। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ সফর করা মার্কিন কূটনীতিকের ভারত সফরকে কেন্দ্র করে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তবে এটি একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বর্তমান সরকার যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া ও ইরানসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ছে। তিনি জানান, আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা