নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে, যার ফলে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন সপ্তম শ্রেণির আব্দুল্লাহ ও মামুনুর রশিদ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। জানা গেছে, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়েছিল।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানান, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’