প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে যদি কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য আগাম ঘোষণা দিয়ে প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, সরকার আগেও গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে এবং আদালতের আদেশ মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব।
তিনি আরও বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হবে না। আদালতের আদেশের বিরুদ্ধে কেউ যদি মতামত প্রকাশ করতে চান, তাহলে তিনি আদালতে গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সাবেক আইজিপি বেনজীর আহমেদ জামিন পাওয়ার বিষয়টি সরকার কেন দুই থেকে তিন দিন পর জানতে পারল, সে সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি এ বিষয়ে নিশ্চিত নন এবং তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারছেন না।
প্রশাসনে আগের সরকারের প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১৫ বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা দায়িত্বে ছিলেন, তাদের পরিবর্তন করা সম্ভব নয়। সরকার ধীরে ধীরে প্রয়োজনীয় পরিবর্তন করছে, তবে রাষ্ট্রের সেবাদান ব্যবস্থা ভেঙে পড়বে এমনভাবে নয়।