দীর্ঘ বিরতির পর এ বছরের শেষ দিকে সিনেপর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিন বছরের বিরতি ভেঙে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়াতে আসছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন এন্টারটেইনার ‘কিং’। ছবিটি আগামী বড়দিনে মুক্তির জন্য নির্ধারিত হলেও বলিপাড়ায় গুঞ্জন রয়েছে যে, মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে। তবে শাহরুখ খান জানিয়েছেন, ছবিটি নির্ধারিত সময়েই মুক্তি পাবে।
শাহরুখের সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও একই সময়ে হলিউডের তিনটি মেগা-ব্লকবাস্টার মুক্তি পাচ্ছে। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’, পাশাপাশি ডোয়াইন জনসন অভিনীত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ও ওই সময় মুক্তি পাবে। ফলে বক্স অফিসে ‘কিং’-এর সঙ্গে একটি প্রতিযোগিতামূলক লড়াই হতে পারে।
ট্রেড বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে শাহরুখ খানের ‘কিং’ বাড়তি সুবিধা পাবে, কারণ এটি একটি তারকাবহুল বড় বাজেটের হিন্দি ছবি। তবে আন্তর্জাতিক বাজারে হলিউডের সিনেমাগুলোর সঙ্গে স্ক্রিন পেতে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, বড়দিনের ছুটিকে কাজে লাগাতেই শাহরুখ এই সময়টি বেছে নিয়েছেন। ২০২৭-এর শুরুতে ‘লাভ অ্যান্ড ওয়ার’, মার্চ-এপ্রিলে ‘স্পিরিট’ ও ‘বারাণসী’র মতো মেগা প্রজেক্টের সিনেমা আসছে। বড়দিনে মুক্তি পেলেও জানুয়ারি মাসের শেষ পর্যন্ত ‘কিং’ কোনো বড় প্রতিযোগিতার মুখে পড়বে না।
হলিউডের সিনেমাগুলোর সঙ্গে লড়াইয়ে শাহরুখ খান কতটুকু সফল হবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে। শাহরুখের ‘কিং’য়ের মুক্তির অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত।