লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. জীবন মিয়া (২২)কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (৩ আগস্ট) র্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ২৯ জুলাই স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে প্রতিবেশী ও ফুফাতো ভাই পরিচয়ের সুযোগ নিয়ে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তাকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর থেকে অভিযুক্ত জীবন মিয়া আত্মগোপনে ছিল।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।