বগুড়ার ধুনটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতে ইসলামী নিমগাছি ইউনিয়নের রুকন মোশাররফ হোসেনের রুকনিয়াত বাতিল করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুকনিয়াত বাতিলের পর মোশাররফ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামী সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। তার ব্যক্তিগত বক্তব্য ও কার্যক্রমের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।
জামায়াতে ইসলামী তার আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানান, মোশাররফ হোসেন নিমগাছি ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি সংগঠনের নীতির পরিপন্থি কাজে জড়িয়ে পড়েছেন।
ফোন রিসিভ না করায় মোশাররফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।